কলকাতারাজনীতি

ধর্মতলায় মঞ্চের বাইরে অনুব্রত, কেষ্ট-মমতা সাক্ষাৎহীনতায় জল্পনার ঢেউ

গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতারির পরও যাঁর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অনুব্রত মণ্ডলকেই এবার আটকে দেওয়া হল তৃণমূলের শহিদ দিবসের মূল মঞ্চে ওঠার আগেই। রবিবার বিকেলে ধর্মতলায় সভাস্থলে গিয়ে মূল মঞ্চে পৌঁছনোর আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে আটকে দেওয়া হয় তাঁকে। কিছুক্ষণ অপেক্ষার পর সভাস্থল ছেড়ে চলে যান তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব। তাঁকে পাশে নিয়ে কিছুক্ষণ রাস্তার ধারে চেয়ার পেতে বসেন অনুব্রত। তৃণমূল সমর্থকদের দিকে হাত নাড়তে দেখা যায় তাঁকে। তবে মঞ্চে আর ওঠা হয়নি। কেষ্ট চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর সভাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ‘দিদি’–কেষ্ট সাক্ষাৎ এদিন আর হল না।

২০২২ সালের আগস্টে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তারপরেও বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে তাঁকেই রেখে দেন দলনেত্রী। পরে অবশ্য তাঁকে কোর কমিটিতে রাখা হলেও সভাপতির পদ দেওয়া হয়নি। সবশেষে, বোলপুর থানার আইসি-কে ফোনে গালিগালাজের অডিও ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পড়েন কেষ্ট। পরে প্রকাশ্যে ক্ষমাও চান। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সুপ্রিমো এই ঘটনা ভালভাবে নেননি। তারই প্রতিফলন দেখা গেল এদিন ধর্মতলায়।

আগামী শহিদ দিবসে অনুব্রতকে দল কী অবস্থানে রাখে, সেটা এখন চর্চার কেন্দ্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.