গ্রেফতার হলেন বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। সূত্রের খবর, ইভিএম সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি ইভিএম নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। সেই মন্তব্যকে কেন্দ্র করে আপত্তি জানায় নির্বাচন কমিশন। অভিযোগ করা হয়, তাঁর বক্তব্য বিভ্রান্তি ছড়াতে পারে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভুল বার্তা দিতে পারে। এরপরই সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার সকালে পুলিশ গর্গকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বাংলা পক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী মহলের একাংশ এই গ্রেফতারিকে মতপ্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে দাবি করেছে, অন্যদিকে প্রশাসনের বক্তব্য, নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য বা বিভ্রান্তিকর মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পুরো ঘটনার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।







