খেলাধুলা

খামেনেই হত্যার অভিযোগে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ, বিশ্বকাপে না খেলতে পারে ইরান—ঘনাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া ও কূটনৈতিক সংকট

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আহমেদ ডোন্যামালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভের জেরে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নাও নিতে পারে ইরান। তাঁর অভিযোগ, “আমেরিকার বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের সুপ্রিম লিডারকে খুন করেছে। তাই কোনও অবস্থাতেই আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না ইরান।”

আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজন করছে এই মহাযজ্ঞ। বাছাইপর্ব পেরিয়ে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। তাদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর। সূচি অনুযায়ী ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটেলে মিশরের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল ইরানের। তবে যেহেতু গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা, তাই সেখানে দল পাঠানো সম্ভব নয় বলেই ইঙ্গিত দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে সওয়াল করেছেন। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও খেলাধুলা চালিয়ে যাওয়া উচিত। ট্রাম্প বলেন, “যুদ্ধের পরিস্থিতি থাকলেও খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। ইরানের প্রশাসনের সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু ইরানের ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে আসে, আমেরিকা তাদের স্বাগত জানাবে।” তাঁর মতে, এই পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে সাহায্য করতে পারে।

তবে ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তার প্রভাব পড়বে পুরো টুর্নামেন্টেই। ফিফার নিয়ম অনুযায়ী, কোনও দল বিশ্বকাপে অংশগ্রহণ না করলে তাদের প্রাপ্ত আর্থিক অনুদান ফেরত দিতে হয় এবং বড় অঙ্কের জরিমানার মুখেও পড়তে পারে। এমনকি ভবিষ্যতে নিষেধাজ্ঞাও জারি হতে পারে। টুর্নামেন্ট চলাকালীন এমন পরিস্থিতি হলে সংশ্লিষ্ট ম্যাচগুলিকে ওয়াকওভার হিসেবে ধরা হতে পারে এবং প্রতিপক্ষ দল পয়েন্ট পেয়ে যেতে পারে।

অন্যদিকে সময় থাকলে বিকল্প দলকেও সুযোগ দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী ইরাকের নাম। ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপের মূলপর্বে খেলেনি ইরাক। বর্তমানে তারা বাছাইপর্বে লড়াই চালিয়ে যাচ্ছে। যদি তারা সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারে, তবে ইরানের জায়গায় বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। আবার ইরাক যদি নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে পৌঁছে যায়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির নামও বিবেচনা করা হতে পারে।

ফলে কূটনৈতিক সংঘাতের জেরে বিশ্বকাপের ময়দানেও অনিশ্চয়তার ছায়া ক্রমেই ঘন হচ্ছে। এখন ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত জানায়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ফুটবল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.