কলকাতারাজনীতি

“দমদমে তৃণমূল বনাম তৃণমূল! বিধায়ক বনাম কাউন্সিলর বিরোধে থমথমে এলাকা”

তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে। দমদমে বিধায়ক বনাম কাউন্সিলর ঘনিষ্ঠদের মধ্যে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। অভিযোগ, বুধবার রাতে ৬ নম্বর দমদম রোডে অতীন ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগের তির স্থানীয় কাউন্সিলর কাকলি সেন এবং তাঁর স্বামী ডঃ শান্তনু সেনের দিকে।

হামলার জেরে কয়েকজন আহত হন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এমনকি, এক বৃদ্ধাকেও কাকলি সেন চড় মারেন বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে এলাকা। বৃহস্পতিবার রাতেই কাউন্সিলর কাকলি সেনের বাড়ি ঘেরাও করে বিধায়ক অতীন ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। রাস্তায় বসে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। ফোনে বিধায়ক অতীন ঘোষের সঙ্গে কথা বলার পর শান্ত হয় উত্তেজিত কর্মীরা।

তবে ততক্ষণে পরিস্থিতি গড়িয়েছে অন্য মোড়ে। ঘটনার সময় কাকলি ও শান্তনু সেন ছিলেন না বাড়িতে। তাঁরা উপস্থিত ছিলেন সিঁথি থানায়। সেখানেই পাল্টা অভিযোগ দায়ের করেন তাঁরা। শান্তনু সেন বলেন, “আমি যা বলার ছিল, সব লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছি।”

তবে এখানেই থামছে না বিক্ষোভের আঁচ। কাকলি-শান্তনু সেন সহ যাঁরা তৃণমূল কর্মী ও মহিলাদের মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না হলে, বৃহস্পতিবার সিঁথি থানায় আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে বিধায়ক অনুগামীরা।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা, তৃণমূল নেতৃত্বের অবস্থান এবং গোষ্ঠীদ্বন্দ্ব কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.