কলকাতা

নিউ আলিপুরে ফিরহাদের দুই সংস্থায় তদন্ত কমিশনের হানা, সম্পত্তি কেনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

নিউ আলিপুরে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত দুই সংস্থার দফতরে তল্লাশি চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে টালিগঞ্জ সার্কুলার রোডে ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর অফিসে পৌঁছন তদন্তকারীরা। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের সদস্যেরা বেশ কিছু নথি ও সম্পত্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের মূল নজরে রয়েছে সংস্থাগুলির সম্পত্তি কেনাবেচা এবং তার সঙ্গে কোনও ধরনের আর্থিক অনিয়ম বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যোগ রয়েছে কি না। সরকারি ক্ষমতা বা প্রভাবকে কাজে লাগিয়ে সংস্থার সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সূত্রের খবর।

সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘হাকিম পলিমেকার প্রাইভেট লিমিটেড’ প্লাস্টিকজাত পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। অন্য দিকে, ‘হাকিম কেমিক্যালস’-এ রাসায়নিক পণ্য তৈরি করা হত বলে জানা গিয়েছে। ওয়েবসাইটে দুই সংস্থার মালিক হিসেবে ফিরহাদ হাকিমের নাম উল্লেখ রয়েছে।

তল্লাশির সময় অবশ্য ফিরহাদ হাকিম বা তাঁর পরিবারের কোনও সদস্য অফিসে ছিলেন না। তদন্তকারীরা সেখানে থাকা নথিপত্র ও অন্যান্য তথ্য পরীক্ষা করেন।

তৃণমূল সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই বিজেপি সরকারের তরফে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। সেই তদন্তেরই অংশ হিসেবে এবার ফিরহাদের সংস্থায় এই তল্লাশি বলে জানা যাচ্ছে।

রাজনৈতিক পালাবদলের পর ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। পরবর্তী সময়ে তিনি তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেন। এই পরিস্থিতিতে তাঁর সংস্থায় তদন্ত কমিশনের হানা ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.