দেশের বিভিন্ন প্রান্তে আবারও এটিএমে নগদ টাকার ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ডিজিটাল লেনদেনের প্রসার সত্ত্বেও জরুরি প্রয়োজনে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন বহু গ্রাহক। অথচ দেশের অর্থনীতিতে নগদ অর্থের সঞ্চালন বেড়ে ৪২.৫৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
কনফেডারেশন অব এটিএম ইন্ডাস্ট্রি (CATMI)-র দাবি, গত বছরের নভেম্বর থেকেই এটিএমে নগদ ভরার ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে শুরু করেছে। মার্চ ২০২৬-এ যেখানে এই ঘাটতির হার ছিল ৩৬ শতাংশ, এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ শতাংশে। সংস্থার মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবহণ খরচ এবং নিরাপত্তারক্ষীদের বেতন বৃদ্ধি এটিএম পরিচালনার ব্যয় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ইউপিআই-ভিত্তিক লেনদেন বাড়ায় এটিএম ব্যবহারের হার কমেছে, যা অপারেটরদের আয়ে প্রভাব ফেলেছে।
এদিকে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মলহোত্রা। তিনি জানান, দেশের নগদ অর্থের চাহিদা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং কোথাও ঘাটতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আরবিআইয়ের দাবি, সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে এটিএমে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করা হবে।







