সোমবার তাপস বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। স্পিকার জানিয়েছিলেন, মঙ্গলবার তাপসের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।বিধানসভার সচিবালয়ের তরফে জানানো হয়, পুরো প্রক্রিয়া শেষ করতে মঙ্গলবারই তাপসকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু মঙ্গলবার সকালেই সিদ্ধান্ত বদল করে সচিবালয়। জানানো হয়, বুধবার ডাকা হচ্ছে বরাহনগরের বিধায়ককে। কিন্তু আজ জানা যাচ্ছে তাপস রায়ের ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, পদ্ধতিগত ত্রুটি রয়েছে ইস্তফায়। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে কি তাপসের বিজেপিতে যোগ দেওয়া আটকে গেল? এই প্রসঙ্গে তাপস রায় বলেন
“গ্রহণ হোক বা না হোক, আমি ইস্তফা দিয়ে দিয়েছি। যে যে পদ থেকে ইস্তফা দিয়েছি সেগুলো ফেরানোর কোনও প্রশ্ন নেই। পদ্ধতিগত ত্রুটি রয়েছে, কাল আমি নতুন করে ইস্তফাপত্র জমা করব।” জানা গিয়েছে, ইস্তফাপত্র টাইপ করে জমা করেছিলেন বরাহনগরের বিধায়ক। নিয়ম বলছে, হাতে লিখে জমা করতে হয় ইস্তফাপত্র।







