বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ-সহ বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এই তল্লাশি ঘিরে তোলপাড় রাজনীতি। এবার এরই প্রেক্ষিতে সরব হলেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা দিলীপ ঘোষ।
উল্লেখ্য, রাজ্যের একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। কামারহাটি পুরসভার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাগুইহাটির বাড়িতেও ইডি আধিকারিকরা উপস্থিত হন। সকাল থেকে মোট ১২টি দলে ভাগ হয়ে তদন্ত চালায় ইডি আধিকারিকরা।
দিলীপের উবাচ, ‘পুরসভাগুলিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে। এমন কোনও দফতর নেই যেখানে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, দমকল, পুলিশ থেকে শুরু করে পুরসভা সব জায়গায় দুর্নীতি হয়েছে। সেই কারণে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি হয়েছে। আগামী দিনেও হবে বলেই মনে করি। গরিব মানুষের টাকা লুঠ করা হয়েছে। দোষীদের শাস্তি হওয়া দরকার বলেই মনে হয়।’







