ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বজয় নিয়ে যখন গোটা দেশ আনন্দে মেতেছে, তখন বাংলার গর্ব রিচা ঘোষের সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যবাসী। সদ্য শেষ হওয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত জিতেছে চ্যাম্পিয়নশিপ, আর সেই দলে বাংলার একমাত্র প্রতিনিধি ছিলেন উইকেটকিপার-ব্যাটার রিচা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে খুশি ক্রিকেটপ্রেমীরা, গর্বিত বাংলা।
রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই রিচাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ আজতক বাংলাকে জানিয়েছেন, “হ্যাঁ, খবরটা একেবারেই সত্যি। রিচা বাড়ি ফিরলেই প্রক্রিয়া শুরু হবে।” তবে কোন পদে তাঁকে নিয়োগ করা হবে, তা এখনও ঠিক হয়নি।
রিচা ছোটবেলা থেকেই পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর বাবা জানিয়েছেন, “স্বপ্নটা অবশেষে সত্যি হতে চলেছে। কথা অনেক দূর এগিয়েছে, এখন শুধু অফার লেটার পাওয়ার অপেক্ষা।”
গত রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৫২ রানে জেতে ভারত। ওই ম্যাচে রিচা খেলেন ২৪ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, মারেন ৩টি চার ও ২টি ছক্কা।
শুক্রবার শিলিগুড়িতে ফিরছেন বিশ্বজয়ী রিচা। বাগডোগরা বিমানবন্দরে তাঁর জন্য থাকবে রাজকীয় সংবর্ধনা। হুড খোলা জিপে শহর পরিক্রমা করবেন তিনি, সঙ্গে থাকবেন মেয়র গৌতম দেব। বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গার্ড অফ অনার থেকে ফুলেল অভ্যর্থনা—সব মিলিয়ে আগামীকাল গোটা দিনটাই রিচার জন্য উৎসবের।







