ভারতীয় ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট যেন এক সুসংহত ছন্দের নাম। গত কয়েক মরসুম ধরেই ধারাবাহিক সাফল্যের ছবি তুলে ধরেছে এই ঐতিহ্যবাহী ক্লাব। যদিও চলতি সিজনে ডুরান্ড কাপে কাঙ্খিত সাফল্য অধরাই থেকেছে, তবে সেই ব্যর্থতা খুব একটা প্রভাব ফেলেনি দলের গতিপথে। বরং আইএসএলের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে ফের একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছে বাগান ব্রিগেড। পয়েন্ট টেবিলের নিচ থেকে উঠে এসে লিগ শিল্ড নিশ্চিত করা, ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানো কিংবা কাপ ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি জেতা—সব ক্ষেত্রেই ফুটবল বোঝাতে পেরেছে তারা।
তবে কলিঙ্গ সুপার কাপে ট্রফি হাতছাড়া হওয়ায় কিছুটা আফসোস থাকলেও, মেরিনার্সদের ফুটবল দাপট ও লড়াইয়ের মানসিকতা দেখে আশার আলো দেখছেন সমর্থকরা। সিনিয়র ও জুনিয়রের সংমিশ্রণে মাঠে নামা দলটি শেষ পর্যন্ত এফসি গোয়ার কাছে হার মানলেও লড়াই ছিল উপভোগ্য। এই ফর্মকে মাথায় রেখেই ইতিমধ্যেই আগামী মরসুমের জন্য দলগঠনের কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বিশ্বস্ত সূত্র অনুযায়ী, আগামী মরসুমে এএফসি টুর্নামেন্টে সফল হওয়ার লক্ষ্যে সাত বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান। একাধিক হাইপ্রোফাইল বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে বলেই শোনা যাচ্ছে। প্রতি মরসুমের মতো এবারও দেশি-বিদেশি তারকাদের চমকে দেওয়া নাম সামনে আনতে প্রস্তুত ক্লাব। ফলে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন চরমে। এবার অপেক্ষা, নতুন মরসুমে নতুন বাগান ব্রিগেডকে দেখার।







