২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের পিছোল শুনানি। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রর আদালতে আজ মামলাটি ওঠে। তবে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সময় চাওয়ায় শুনানি মুলতুবি রাখা হয়। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ৭ মে দুপুর ২টোয়।
বিচারপতির মন্তব্য, ৩২ হাজার শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় দীর্ঘ বক্তৃতা বরদাস্ত করা হবে না। যাঁদের বক্তব্য এক, তাঁদের একজন প্রতিনিধির মাধ্যমে দাবি জানাতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে ৩২ হাজার শিক্ষক নিয়োগ হয়। সেই নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। ২০২৩ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়োগ বাতিল করেন। তবে শিক্ষকরা স্কুলে যেতে পারবেন বলেও জানানো হয়েছিল।
এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। শুনানির জন্য ৭ এপ্রিল দিন ধার্য হলেও বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণে মামলা থেকে অব্যাহতি নেন। পরবর্তী শুনানি হয় আজ, ২৮ এপ্রিল। কিন্তু সেখানেও শুনানি পিছিয়ে যায়।
আগামী ৭ মে মামলার সব পক্ষকে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণে সেই দিনই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।







