দমদমের নাগেরবাজারে চাঞ্চল্যকর খুন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম বিউটি বোস। অভিযুক্ত স্বামী অমিত বোস স্ত্রীকে খুনের পর নগদ টাকা-পয়সা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাতাকল এলাকার এক ভাড়াবাড়ির দোতলায় স্ত্রী ও ৯ বছরের ছেলেকে নিয়ে থাকতেন অমিত। গত দুই মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি চলছিল, এমনকি আলাদা ঘরে ঘুমোতেন তাঁরা। তবে বৃহস্পতিবার রাতে দীর্ঘ মনোমালিন্য ভুলে একসঙ্গে ঘুমোনোর সিদ্ধান্ত নেন দম্পতি। কিন্তু সেটাই হয়ে ওঠে শেষ রাত।
শুক্রবার ভোরবেলা ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, বিছানায় নিথর পড়ে রয়েছেন বিউটি। পাশে অমিতের আর কোনো খোঁজ নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে আর.জি. কর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশকে দেওয়া জবানবন্দিতে ৯ বছরের নাবালক ছেলে জানিয়েছে, সে নিজের চোখে মাকে খুন হতে দেখেছে। তার বক্তব্য, “বাবা মাকে শ্বাসরোধ করছিল, বিছানা কাঁপছিল। আমি চেঁচাতে গেলে বাবা বলেছিল, তুই শুয়ে পড়।” কিছুক্ষণ পরে বাবাকে টাকা নিয়ে পালাতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে সে।
মৃতার আত্মীয় তাপস হালদার জানিয়েছেন, “প্রায় দশ বছর আগে বিউটির সঙ্গে অমিতের বিয়ে হয়। আগেও একবার স্ত্রীকে খুনের চেষ্টা করেছিল সে। আগে সিকিউরিটি গার্ডের কাজ করত, এখন বেকার। জুয়া, মদ, নেশায় আসক্ত হয়ে প্রচুর ধার-দেনা হয়ে গিয়েছিল।”
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও আর্থিক চাপে অমিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
এদিকে পলাতক অমিতের খোঁজে চলছে জোরদার তল্লাশি।







