মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে জলসায় গিয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরিয়ে দুর্গাপুজোর পাশাপাশি ফিল্মোৎসবের আমন্ত্রণ জানিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বচ্চনদের বাড়ি থেকে বেরিয়েই ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে বড়সড় কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।
বুধবার মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান আদিত্য ঠাকরে। এএনআই সূত্রে খবর, রাখি পূর্ণিমা উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়িতে চায়ের আসরে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন।
উল্লেখ্য, তেইশেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষ্যে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ছবির মাধ্যমেই শ্রদ্ধার্ঘ্য জানানো হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরিচালক মৃণাল সেনকে। তবে শুধুমাত্র মৃণাল সেন নন, এই বছর ট্রিবিউট জানানো হবে বলিউডের ম্যাটিনি আইডল দেব আনন্দকেও। চলতি বছরে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদে থাকছেন রাজ চক্রবর্তী।







