নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হল কুখ্যাত গ্যাংস্টার ‘বাঘা’কে। বাঁকুড়ার সোনামুখী থেকে গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করেছে হুগলি জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমি বিক্রি সংক্রান্ত বিষয়ে পঞ্চায়েতে মতানৈক্য তৈরি হয়েছিল। সেই জমি বিক্রির প্রস্তাবে পিন্টু চক্রবর্তী ছাড়া বাকিরা সম্মত ছিলেন। আপত্তি জানানোয় তাকে ‘পথের কাঁটা’ মনে করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তিন লক্ষ টাকার সুপারি দিয়ে খুনিদের ভাড়া করা হয়েছিল।
এর আগে গ্রেফতার করা হয় তিনজনকে—বিশ্বনাথ দাস ওরফে ‘বিশা’, দীপক মণ্ডল এবং বিশ্বজিৎ প্রামাণিককে। ধৃতদের জেরা করেই উঠে এসেছে বাঘার নাম। বিশাই মূলত ভাড়াটে খুনিদের যোগাযোগ করিয়ে দেয় এবং টাকা লেনদেনের ব্যবস্থা করে বলে অনুমান তদন্তকারীদের।
ঘটনার দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ, কানাইপুরে পিন্টু চক্রবর্তীর গ্যাস গোডাউনের উল্টোদিকে দু’জন দুষ্কৃতীকে অপেক্ষা করতে দেখা যায়। পিন্টু বাবু অফিস থেকে বেরিয়ে বাইকে উঠতেই একজন ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলোপাথাড়ি কোপানো হয়। ভয়াবহ সেই হামলার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি-তে।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব, জমির দখলদারির অন্ধকার জগত ও গ্যাংস্টারদের প্রত্যক্ষ যোগের চিত্র। পুলিশ সূত্রে খবর, এই খুনের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে গতি এনেছে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিং। পুলিশের দাবি, এই মামলার চার্জশিট দ্রুত পেশ করা হবে।







