বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার মানহানি মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের। শুভেন্দুকে আইনজীবী মারফত চিঠি পাঠান তৃণমূল সাংসদ। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলির।
রেশন দুর্নীতিকাণ্ডে যখন শোরগোল রাজনীতিজুড়ে, সেই সময় চাঞ্চল্যকর এক দাবি করেছিলেন শুভেন্দু।তাঁর মন্তব্য ছিল, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জড়িত।’ এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ।
আইনি নোটিসের ছবি নিজস্ব ফেসবুক হ্যান্ডেলে দিয়ে কাকলি লেখেন, ‘আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ। আমরা কোনও অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সঙ্গে আপস করি না। আমাদের নামে যেভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছেন, তার জন্যই শুভেন্দু অধিকারীকে মানহানির আইনি নোটিস পাঠালাম।’







