নিজস্ব সংবাদদাতা: কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড ঘিরে যখন উদ্বেগ বাড়ছে, তখন ফের আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়া এলাকায় একটি গাড়ির শোরুমে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে কয়েকটি ইঞ্জিন কাজ শুরু করলেও পরে মোট ৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর।
উত্তর ২৪ পরগনার ডিভিশনাল অফিসার জানিয়েছেন, বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। শোরুমে কোনও কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা চোখে পড়েনি বলেও প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ঘটনাস্থল বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল উদ্বেগ। তবে আগুনের জেরে কলকাতা বিমানবন্দরের বিমান ওঠানামায় এখনও কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই ফের আলোচনায় এসেছে শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। এর আগে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৯ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে শোরুমে আগুন লাগায় প্রশ্ন উঠছে, শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তার নিয়ম কতটা মানা হচ্ছে তা নিয়ে।
শোরুমে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, আগুন কীভাবে লাগল এবং কোনও গাফিলতি ছিল কি না—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে বড় কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।






