ইতালীয় খাবার খেতে ভালবাসেন? অথচ পছন্দের পদ চেখে দেখতে বারবার রেস্তরাঁয় যাওয়ার সময় বা সুযোগ হচ্ছে না? তা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন ইতালির জনপ্রিয় খাবার মাশরুম রিসোটো। বাইরে থেকে দেখতে সাধারণ ভাতের পদের মতো হলেও এর স্বাদ ও ক্রিমি টেক্সচার একেবারেই আলাদা। সবচেয়ে মজার বিষয়, দামি বিদেশি চালের বদলে ব্যবহার করতে পারেন বাংলার গোবিন্দভোগ চাল। অল্প কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই পদ।
**কী কী লাগবে?**
– গোবিন্দভোগ চাল – ১ কাপ
– মাশরুম – ১৫০ গ্রাম
– পেঁয়াজ কুচি – ১টি ছোট
– রসুন কুচি – ৪ কোয়া
– মাখন – ২ টেবিল চামচ
– অলিভ অয়েল – ১ টেবিল চামচ
– সবজির স্টক – ৩ কাপ
– পারমেজান চিজ – ৩ টেবিল চামচ
– গোলমরিচ গুঁড়ো – আধা চা-চামচ
– নুন – স্বাদমতো
– পার্সলে কুচি – সামান্য
**কীভাবে বানাবেন?**
প্রথমে মাশরুমগুলি পাতলা করে কেটে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে মাশরুমগুলি হালকা ভেজে তুলে রাখুন। এবার অন্য একটি প্যানে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভাজুন।
এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। এরপর অল্প অল্প করে গরম সবজির স্টক মেশাতে থাকুন। একবারে সমস্ত স্টক ঢেলে দেবেন না। চাল স্টক শুষে নিলে আবার কিছুটা স্টক যোগ করুন। এভাবে প্রায় ১৮-২০ মিনিট রান্না করতে হবে। চাল নরম হয়ে এলে এবং মিশ্রণটি ক্রিমি হয়ে উঠলে বুঝবেন রান্না প্রায় শেষ।
এবার আগে থেকে ভেজে রাখা মাশরুম, পারমেজান চিজ, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী নুন দিন।
সবশেষে উপর থেকে পার্সলে কুচি ও সামান্য পারমেজান চিজ ছড়িয়ে দিন। ব্যস, তৈরি ইতালীয় স্বাদের মাশরুম রিসোটো। গরম গরম পরিবেশন করুন।







