ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে হ্যান্ডশেক বিতর্ক এখনো উত্তপ্ত আলোচনার বিষয়। টস ও ম্যাচশেষে দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে প্রাক্তনরা নানা মন্তব্য করেছেন। তবে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্কে জড়িয়ে না পড়ে বরং একেবারে অন্য সুর তুললেন। নিজের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধনে এসে তিনি জানালেন, এ ব্যাপারে উত্তর চাইলে সরাসরি সূর্যকুমার যাদবের কাছে যেতে হবে। কারণ, সূর্যই এর জবাব দিয়েছেন।
সৌরভের মতে, বিতর্কে না জড়িয়ে বিশ্বজুড়ে যে বিষয়টি নিয়ে জরুরি পদক্ষেপ হওয়া দরকার তা হল সন্ত্রাস দমন। তাঁর সোজাসাপ্টা মন্তব্য, “খেলাধুলো বন্ধ করা যায় না, কিন্তু সবার আগে বন্ধ হওয়া উচিত সন্ত্রাস। শুধু ভারত–পাকিস্তান নয়, গোটা বিশ্বকেই এটা নিয়ে ভাবতে হবে।” এক্ষেত্রে তিনি স্পষ্ট করলেন, খেলাকে অজুহাত করে আন্তর্জাতিক সমস্যার সমাধান হয় না।
ম্যাচ নিয়ে নিজের হতাশার কথাও খোলাখুলি জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর বক্তব্য, “আমি আসলে ১৫ ওভারের পর খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখেছি।” সৌরভ মনে করেন, ভারত–পাকিস্তান ম্যাচে এখন আর বিশেষ রোমাঞ্চ নেই। বরং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড বা ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ভারত খেললে তিনি বেশি আগ্রহ পান।
এশিয়া কাপে ভারতের আধিপত্য নিয়েও আশাবাদী সৌরভ। তিনি জানালেন, এই প্রতিযোগিতায় ভারত বাকিদের থেকে অনেক এগিয়ে। হারের দিন এক–দুটি আসতেই পারে, কিন্তু ধারাবাহিকভাবে জিতবে ভারতই। তাঁর এই মন্তব্যে স্পষ্ট—সৌরভ বিতর্ককে পাত্তা না দিয়ে ভবিষ্যতের সাফল্য নিয়েই বেশি আশাবাদী।







