প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিল পশ্চিমবঙ্গ। কয়েকদিন আগেই রাজ্যে এই কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার কলকাতার রাজপথে জাতীয় পতাকা হাতে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় সামিল হলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং-সহ একাধিক মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির শীর্ষ নেতারা।
সোমবার কলকাতার গৌর পাল সরণি থেকে শুরু হয় এই পদযাত্রা। মিছিলের গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট। মিছিলের একেবারে সামনে জাতীয় পতাকা হাতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁর পাশেই ছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, মন্ত্রী অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, বিধায়ক রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী-সহ বিজেপির একাধিক প্রথম সারির নেতা। সকলের হাতেই ছিল তেরঙ্গা।
মিছিলের শুরুতেই ছিল ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা ব্যানার। নেতা-মন্ত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও এই কর্মসূচিতে যোগ দেন। জাতীয় পতাকা হাতে কলকাতার রাস্তায় দেখা যায় হাজার হাজার মানুষকে।
৫ আগস্টকে কেন্দ্র করে কয়েক বছর ধরে এনডিএ সরকারের উদ্যোগে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালিত হয়ে আসছে। এতদিন রাজ্যে বিরোধী দলের সরকার থাকায় বাংলায় এই কর্মসূচি কেন্দ্রীয় উদ্যোগের সঙ্গে সেভাবে যুক্ত হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কেন্দ্রের এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গকে যুক্ত করল শুভেন্দু অধিকারী সরকার।
৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে চলবে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেই এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশে তিনি আবেদন জানান, প্রত্যেকে যেন এই কর্মসূচিতে অংশ নেন এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন। কর্মসূচিকে সফল করতে রাজ্যে মোট ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণ করা হচ্ছে।







