শনিবার রাতে চারু মার্কেটে সত্তর বছরের মিতা সাহা নামে এক বৃদ্ধার বাড়িতে হানা দেয় দুষ্কৃতী। “মাসিমা জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবেন।” বলে বৃদ্ধার বাড়িতে কড়া নাড়ে ওই ধৃত। নিজের পরিচিত কেউ ভেবে ঘরের দরজা খুলেছিলেন তিনি। তখনই ভেতরে আসে তৃষ্ণার্তরুপী ধৃত। বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নির্মমভাবে মারধর করে ওই যুবক। এরপর তাঁকে টানতে টানতে বেডরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়।
অভিযুক্ত সোনার চেন, কানের দুল ও হাতের চুড়ি নিয়ে পালায় বলে অভিযোগ। লুটের কয়েক ঘণ্টা পরেই অভিযুক্ত শেখ বাবলুকে গ্রেপ্তার করেছে চারু মার্কেট থানা। জানা যায়, শেখ বাবলু নামের ওই অভিযুক্ত মাস দুয়েক ধরে বৃদ্ধার ছেলের গাড়ি চালাচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারু মার্কেট এলাকার কে পি রায় লেনের ফ্ল্যাটে ছেলের পরিবারের সঙ্গে থাকেন মিতা সাহা। তিনতলায় মিতা সাহা ও নীচের তলায় থাকেন তাঁর ছেলের পরিবার।
বৃদ্ধার পুত্রবধূ পিয়ালি সাহা জানিয়েছেন, তাঁর স্বামীর ডায়ালিসিস চলছে। তিনি সোদপুরে একটি কেকের দোকান চালান। স্বামীকে নিয়ে যাওয়া এবং নিজের যাওয়ার জন্য মাস তিনেক আগে সেন্টার থেকে রাজু নামে এক চালক নেন। কয়েকদিন ডিউটি করার পর সে জানায়, বাবলু নামে একজন তার পরিবর্তে গাড়ি চালাবে। তারপর থেকে বাঁশদ্রোণীর বাসিন্দা বাবলু দু’মাস ধরে গাড়ি চালাচ্ছিল। শনিবার সে আসেনি।
বেশ কয়েকবার ফোন করা হলে সে বলে, বাঙুর থেকে আসছে অল্প কিছুক্ষণে। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও না আসায় মহিলা অন্য চালক ডেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান।
তদন্তে নেমে পুলিশ জেনেছে, পিয়ালিদেবির কাছে তাঁর পরিচারিকা ফোন করে বলেন, মিতাদেবী রক্তাক্ত হয়ে পড়ে আছেন। তাঁর গায়ের গয়না খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বৃদ্ধার পুত্রবধূ তড়িঘড়ি বাড়িতে পৌঁছন। এর মধ্যে পুলিশ এসে মিতাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।







