সৌদি আরবের সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিবাদ জানিয়ে আল নাসেরের হয়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ় তারকা। আগামী ২ ফেব্রুয়ারি আল রিয়াধের বিরুদ্ধে সেই ম্যাচে রোনাল্ডোকে পাওয়া যাবে না বলে খবর।
পিআইএফ সৌদি প্রো লিগের চারটি ক্লাব—আল নাসের, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলির মালিকানা ও বিনিয়োগের দায়িত্বে রয়েছে। কিন্তু রোনাল্ডোর অভিযোগ, এই চার ক্লাবের মধ্যে অর্থ বিনিয়োগে স্পষ্ট বৈষম্য করা হচ্ছে। আল হিলাল চলতি মরসুমে দু’জন নামী ফুটবলারকে সই করালেও আল নাসের পেয়েছে মাত্র একজন নতুন ফুটবলার। পিছিয়ে নেই আল ইত্তিহাদ ও আল আহলিও।
এই চারটি ক্লাবই একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। ইচ্ছাকৃতভাবেই আল নাসেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছেন রোনাল্ডো। তাঁর মতে, বাকি তিন ক্লাবের তুলনায় আল নাসেরের জন্য পিআইএফ যে অর্থ বরাদ্দ করছে, তা অত্যন্ত কম।
এই পরিস্থিতিতে প্রতিবাদের মাধ্যম হিসেবেই আল রিয়াধের বিরুদ্ধে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত ক্লাব বা রোনাল্ডোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
পর্তুগালের প্রথম সারির সংবাদপত্র ‘আ বোলা’ এই খবর প্রকাশ করেছে। পাশাপাশি ইটালির বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজ়িয়ো রোমানো জানিয়েছেন, চোট বা ফিটনেসজনিত কোনও কারণ নয়—সম্পূর্ণ ভিন্ন কারণেই ওই ম্যাচে খেলছেন না রোনাল্ডো। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেটি পিআইএফ-এর সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ।







