আজ ইস্ট বেঙ্গল দিবস, মরসুম ভালই যাচ্ছে লাল হলুদের। এবার নেক্সট জেনারেশন কাপ খেলতে লন্ডনে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দিবসের দিন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে মাঠে নামছেন সায়ন বন্দোপাধ্যায়রা। লন্ডনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামী ইস্ট বেঙ্গল।
আর সেই কারণে লন্ডন নিবাসী লাল-হলুদ সমর্থকরাও উচ্ছ্বাস প্রকাশ করছে। ইস্টবেঙ্গল ছাড়াও ভারত থেকে অংশ নেবে পাঞ্জাব এফসি এবং মথূট ফুটবল অ্যাকাডেমির মতো শক্তিশালী দলগুলি। আগের মরসুমে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছিল লাল-হলুদ। ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পায় ইস্টবেঙ্গল। দেশের বাকি তিন ফুটবল ক্লাবই এই ডেভেলপমেন্ট লিগে দারুণ খেলেছে।
নেক্সট জেন কাপ শুরু হওয়ার আগে একটি ট্রায়াল ম্যাচও খেলেছিল ইস্টবেঙ্গল সেখানে লাউটন সিটি এফসি-কে ৩-০ গোলে হারিয়ে দেন শ্যামল বেসরারা। শ্যামল ছাড়াও এই ম্যাচে গোল পেয়েছেন বুনেন্দ সিং, পেকা গুইতেরা। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য গত শুক্রবার ইংল্যান্ড পৌঁছে যায় লাল-হলুদ ব্রিগেড। ইংলিশ প্রিমিয়ার লিগের তিন শক্তিশালী ক্লাবের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ বাহিনী। আজ সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল – হলুদ সেনা।
ইস্টবেঙ্গল এফসি এবং ISL-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ম্যাচগুলি লাইভ স্ট্রিম করা হবে।
এভারটন, অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও খেলবে ইস্টবেঙ্গল। ২ আগস্ট তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী এভারটনের বিপক্ষে। ৩ আগস্ট সন্ধ্যায় অ্যাস্টন ভিলার বিরুদ্ধে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ম্যাচ গুলি থেকে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে ৪ আগস্ট শেষ ম্যাচ খেলতে হবে বিনো জর্জের ছেলেদের। উল্লেখ্য, সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুই দলের মধ্যেই অনুষ্ঠিত হবে নেক্সট জেনারেশন কাপের ফাইনাল ম্যাচে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে লফবরো ইউনিভার্সিটি স্টেডিয়ামে।







