মেসি-কাণ্ডে গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে দায়ের হওয়া মামলার শুনানিতে গত ৮ জুন তাঁকে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়নি। বুধবার ফের মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশ যে দিন হাজিরার নির্দেশ দেবে, সে দিন তদন্তে অংশ নিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে হাজিরার অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে তদন্তকারী সংস্থাকে। তদন্তে কোনও বাধা দেওয়া হবে না এবং প্রাক্তন মন্ত্রীকে পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
শুনানিতে অরূপ বিশ্বাসের উপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। পাশাপাশি কোনও সাক্ষীকে প্রভাবিত করা বা ভয় দেখানোর চেষ্টা করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে তদন্তকারী পুলিশকেও কিছু নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, বিধাননগরের পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত চলবে এবং ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান করতে হবে। চার সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আপাতত গ্রেফতারের মতো কঠোর পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে আদালত।
এ দিন অরূপ বিশ্বাসের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, তাঁর মক্কেলকে ডিম বা পাথর নিক্ষেপের মতো ঘটনার হাত থেকে নিরাপত্তা দেওয়া হোক। আদালত জানতে চেয়েছে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও কোনও মামলা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
শুনানির সময় বিচারপতি মেসি-কাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, এই ঘটনা রাজ্যের ভাবমূর্তিকে আঘাত করেছে। বিচারপতির প্রশ্ন, কীভাবে অরূপ বিশ্বাস ফুটবল তারকা লিওনেল মেসির এত কাছাকাছি পৌঁছলেন এবং এতে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়নি কি? তিনি আরও বলেন, দেশের অন্য কোথাও মেসির সফরে এমন পরিস্থিতি দেখা যায়নি।
বিচারপতি আরও পর্যবেক্ষণ করেন, সেদিন বহু মেসি-ভক্ত মাঠে উপস্থিত থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেসিকে নির্ধারিত সময়ের আগেই চলে যেতে হয়েছিল, ফলে দর্শকদের হতাশ হতে হয়। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
অরূপ বিশ্বাসকে উদ্দেশ করে বিচারপতি জানতে চান, পুলিশ ডাকা সত্ত্বেও তিনি কেন তদন্তে হাজির হচ্ছেন না। উত্তরে তাঁর আইনজীবী জানান, আদালত সুরক্ষা দিলে তিনি পরের দিনই তদন্তে যোগ দেবেন।
অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, অরূপ বিশ্বাস প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তথ্যপ্রমাণ নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। এর আগে তাঁকে পাঠানো নোটিসও তিনি মানেননি বলে আদালতে জানানো হয়। তাই তাঁকে বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই বলে সওয়াল করে রাজ্য।
তবে আদালত প্রাথমিকভাবে মনে করেছে, এই মুহূর্তে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। বিচারপতি উল্লেখ করেন, ঘটনাটি ১৩ ডিসেম্বর ২০২৫ সালের হলেও অভিযোগ দায়ের হয়েছে ৩০ মে ২০২৬-এ, অর্থাৎ প্রায় ছয় মাস পরে। এত দীর্ঘ সময় পর সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা কতটা বাস্তব, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।







