দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বন্দর ও কৌশলগত পরিকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করতে ড্রোন হামলা মোকাবিলায় বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্র। বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে জাহাজ ও জলপথ মন্ত্রকের সামুদ্রিক সুরক্ষা শাখা সম্ভাব্য ড্রোন হুমকির বিরুদ্ধে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে।
শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করতে দেশজুড়ে অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন প্রযুক্তি মোতায়েন করছে ডিআরডিও। এর মধ্যে রয়েছে ডি-৪ সিস্টেম, যা ড্রোনের জিপিএস ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে পারে। পাশাপাশি ‘আকাশতীর’ কাউন্টার-ইউএএস দূরপাল্লার নজরদারি ও ট্র্যাকিংয়ে সক্ষম। ড্রোনের ঝাঁক ধ্বংসে ব্যবহৃত হবে ‘ভার্গবস্ত্র’ মাইক্রো-মিসাইল সিস্টেম। এছাড়া এআই ও রাডারভিত্তিক আধুনিক প্রযুক্তিও সংযুক্ত করা হচ্ছে।
সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বিএসএফ, আইবি, ডিআরডিও এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে বিভিন্ন সংবেদনশীল এলাকা পরিদর্শন করছে।
এরই মধ্যে তামিলনাড়ুর ভি.ও. চিদাম্বরানার বন্দর দেশের প্রথম বন্দর হিসেবে ৩৬০-ডিগ্রি অ্যান্টি-ড্রোন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। ‘অমৃত কাল ভিশন ২০৪৭’-এর লক্ষ্য সামনে রেখে আকাশপথের নিরাপত্তা আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর ভারত।







