নিজস্ব সংবাদদাতা : উইক পয়েন্ট মেরামতিতে তৎপরতা! লোকসভা নির্বাচনের পূর্বে সাংগঠনিক জায়গা দুর্বল এমন জায়গাগুলিতে বাড়তি নজর এবার বিজেপির। আর এই লক্ষ্যে প্রাথমিকভাবে পাখির চোখ করা হয়েছে দেশের ৬৫টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসন, যেখানে দলের শক্তি তুলনামূলক ভাবে দুর্বল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত ন’বছরে কেন্দ্র কী কাজ করেছে, সেই খতিয়ান নিয়ে সংখ্যালঘু দল এবং সংগঠনগুলিকে পাশে পেতে এগোচ্ছে গেরুয়া শিবির। জায়গায় জায়গায় চালু হচ্ছে প্রচার অভিযান। উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংযোগ-স্থাপনের উদ্যোগ।
বিশেষভাবে উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংখ্যালঘুদের বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন উপলব্ধি করে প্রধানমন্ত্রী সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আগেই। পসমন্দা মুসলিম, বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাত্ করেছেন নরেন্দ্র মোদী।







