খেলাধুলা

ছেত্রীকে বাদ দিয়ে তরুণদের ভরসায় খালিদ, তবুও দলে ফেরার দরজা খোলা সুনীলের জন্য

ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর নাম মানেই এক অন্য আবেগ। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা ও একাধিক প্রজন্মের অনুপ্রেরণা হলেও কাফা নেশনস কাপের দল ঘোষণায় জায়গা হয়নি তাঁর। নতুন কোচ খালিদ জামিল দল ঘোষণা করেই জানিয়ে দিলেন, আপাতত তরুণদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবে একইসঙ্গে তিনি পরিষ্কার করে দিলেন—ছেত্রীর জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা।

সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করার পর খালিদ স্পষ্ট ভাষায় বলেন, “সুনীলের থেকে ভালো মানের ফুটবলার ভারতে নেই। ও চাইলে অবশ্যই দলে থাকবে। ওর অভিজ্ঞতা আমাদের সম্পদ।” তাঁর মন্তব্যে ইঙ্গিত মিলল, ছেত্রী খেলবেন কি না, সেই সিদ্ধান্ত মূলত নির্ভর করছে তাঁর নিজের ইচ্ছের উপরেই। এতদিন ধরে দেশের হয়ে ৯৫ গোল করা তারকার অবদান নিয়ে কোনও সংশয় নেই কোচের।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—তাহলে শিবিরে ডাক পাননি কেন? আসলে খালিদের মতে, কাফা কাপকে তিনি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে একধরনের প্রস্তুতি হিসেবে দেখছেন। এই সুযোগে তরুণদের যাচাই করতেই তিনি ছেত্রীকে না-ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “ফিফা উইন্ডোতে আমি নতুন কয়েকজনকে দেখে নিতে চাই। সুনীলের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। ও ভারতীয় ফুটবলের কিংবদন্তি, যেকোনও দলে ওকে পাওয়া গর্বের বিষয়।”

অর্থাৎ একদিকে অভিজ্ঞতার ভাণ্ডার ছেত্রী, অন্যদিকে ভবিষ্যতের প্রস্তুতি—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করেই এগোতে চাইছেন খালিদ জামিল। ফলে ভারতীয় ফুটবলের সমর্থকদের চোখ এখন সুনীলের দিকে, তিনি নিজে কি আবার জাতীয় দলের জার্সি গায়ে নামতে আগ্রহী হবেন? তার উত্তরেই নির্ভর করছে ভবিষ্যতের পথচলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.