বর্ষা নামলেই জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল। প্রতি বছরই বন্যার জলে নাকাল স্থানীয় বাসিন্দারা। এই সমস্যার স্থায়ী সমাধানে বহুদিন ধরেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের দাবি উঠেছে। সেই দাবি আরও জোরদার করেন স্থানীয় তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এবার রাজ্য সরকার তাঁর অনুরোধে সাড়া দিয়ে ৫০০ কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার একটিও পয়সা বরাদ্দ করেনি। এই বিষয়টি ঘিরেই এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
সম্প্রতি সংসদে এই ইস্যুতে সরব হন দেব। জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ ভূষণ চৌধুরীর কাছে দেব জানতে চান —
১. কেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বাজেট বরাদ্দ করল না?
২. রাজ্য সরকার কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের থেকে অর্থ নিতে পারবে?
এর জবাবে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, ঘাটাল মাস্টার প্ল্যান এখনও ‘ফ্লাড প্লেইন জোনিং’ নীতির আওতায় আসেনি। আর তাই কেন্দ্রীয় বাজেট থেকে এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা সম্ভব নয়। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে ২০২১-২৬ অর্থবর্ষের জন্য। তবে এটি ‘ন্যাশনাল ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের’ আওতায় পড়ে না। কারণ, রাজ্য সরকার এখনো ‘ফ্লাড প্লেইন জোনিং’-এর নির্দেশিকাগুলি কার্যকর করেনি। আর তাই এই প্রকল্প গ্রহণযোগ্য নয় কেন্দ্রের কাছে।
এই জবাবে ক্ষুব্ধ দেব। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, “প্রতিবছর ঘাটালের মানুষ জল যন্ত্রণায় ভোগেন। আমি একাধিকবার চিঠি দিয়েছি, অনুরোধ করেছি, সংসদে প্রশ্ন তুলেছি। কিন্তু কেন্দ্র থেকে কোনও সাহায্য মেলেনি। তাই রাজ্য সরকার নিজের খরচে কাজ শুরু করেছে।”
ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত করতে যখন রাজ্য সরকার অগ্রণী ভূমিকা নিচ্ছে, তখন কেন্দ্রের এমন ‘দায়সাড়া’ মনোভাব প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মধ্যেও। এদিকে দেবের সাংসদীয় তৎপরতা ও রাজ্য সরকারের আগ্রহ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘাটাল মাস্টার প্ল্যান।







