১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সম্প্রতি বিধানসভায় বিধায়কদের নিয়ে ধর্নায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে, যে সমস্ত জবকার্ড হোল্ডাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে ধর্না দিয়েছেন, তাঁদের কাছে শাসকদলের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য। বাঁকুড়ার ওন্দার বিধানসভার কয়েকজন জবকার্ড হোল্ডারও অভিষেকের পাঠানো টাকা ও চিঠি পেয়েছেন। এবার এহেন আবহেই অভিষেকের টাকা দেওয়া প্রসঙ্গে সরব হলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
অমরনাথের উবাচ, ‘এটা আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’
অপরক্ষেত্রে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। এই শুরু হল, আগামী দিনে আরও জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে। বাঁকুড়া জেলার ২৫০ জনকে টাকা দেওয়া দেওয়া হবে।’ তরজা অব্যাহত।







