রাজ্য

নতুন বছরের শুরুতেই জনস্রোত! দিঘার জগন্নাথধামে একদিনে লক্ষাধিক দর্শনার্থী

নতুন বছরের প্রথম দিনেই অভূতপূর্ব ভিড় দিঘার জগন্নাথধামে। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত লক্ষাধিক পুণ্যার্থী ও পর্যটক দর্শন করেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এতদিন দিঘা মানেই ছিল সমুদ্রস্নান আর বেড়ানোর আনন্দ, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা জগন্নাথধাম দিঘাকে দিয়েছে এক নতুন আধ্যাত্মিক পরিচয়। বছরের প্রথম দিনের বিপুল ভিড়ই তার সবচেয়ে বড় প্রমাণ।

২০২৬ সালকে স্বাগত জানাতে বুধবার রাত থেকেই উৎসবের রঙে রাঙিয়ে ওঠে ওল্ড দিঘা ও নিউ দিঘার রাজপথ। আলোর সাজ, সঙ্গীত আর আনন্দে মেতে ওঠেন হাজার হাজার পর্যটক। রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আতসবাজির ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। উৎসবের সেই আমেজ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকেই মন্দিরের সামনে লম্বা লাইন পড়ে যায় দর্শনার্থীদের। অনেকেই প্রথমে সমুদ্রতীরে গিয়ে বছরের প্রথম সূর্যোদয় দেখেন, সূর্যপ্রণাম সেরে তারপর মন্দিরমুখো হন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও ঘন হতে থাকে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে পর্যন্ত প্রায় এক লক্ষ দর্শনার্থী জগন্নাথদেবের দর্শন করেছেন। উদ্বোধনের মাত্র আট মাসের মধ্যেই দিঘার জগন্নাথধাম জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। ইতিমধ্যেই দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বলে দাবি মন্দির পরিচালন কমিটির। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে বেড়েছে মন্দিরের আয়ও।

কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস জানান, বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে এখনও পর্যন্ত প্রায় ২৫ হাজার বিদেশি দর্শনার্থী এই মন্দিরে এসেছেন। ভোর থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। গত এক মাস ধরে দর্শনার্থীদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেই অন্নপ্রসাদ পেতেও দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে বহু পুণ্যার্থীকে। সমুদ্রের গর্জন আর ‘জয় জগন্নাথ’ ধ্বনির মেলবন্ধনে নতুন বছরের প্রথম দিন দিঘার ইতিহাসে হয়ে রইল স্মরণীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.