একই পরিবারের মা ও মেয়ের রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শান্তিনগরের একটি আবাসনে। বাড়ি থেকে মেলে সুইসাইড নোট। সুইসাইড উল্লেখ তৃণমূল নেতার নাম।
সূত্রের খবর, মৃতা লতাদেবীর স্বামী সাধনবাবু শিলিগুড়ির ভক্তিনগর এলাকাতে এক মহিলার জমি কেনার জন্য কয়েকলক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন। অভিযোগ এলাকার তৃণমূল নেতা প্রসেনজিত্ রায় তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য এক ব্যক্তির নামে ওই জমি লিখিয়ে নেন।
এর পরই সাধনবাবুর স্ত্রী লতাদেবী সেই অভিযোগ জানিয়ে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা করে। এরপর থেকেই শুরু হয় লাগাতার হুমকি। শুধু মাত্র হুমকি দেওয়া নয়, হুমকি দিয়ে বেশ কয়েকলক্ষ টাকা হাতিয়েও নিয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতার সঙ্গীরা।
এখানেই শান্ত ছিলনা তারা, জমির নথি উদ্ধারের জন্য লাগাতার হুমকি দিতে থাকে। বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানোর ও সাধনবাবুকে প্রাণে মারার হুমকি দেয় ওই তৃমুলের নেতা।
স্বামী মারা গেলে মা মেয়ের কি করে দিন কাটবে সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তারা। এরপরই আত্মহত্যা বলে দাবি করছেন মৃতা লতাদেবীর স্বামী সাধনবাবু। ইতিমধ্যেই প্রসেনজিত্ রায় সহ পাঁচজনের নামে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাধনবাবু। তদন্ত শুরু করেছে পুলিশ।
শিলিগুড়ি পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।’ এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘কেউ যদি আইন ভেঙে অন্যায় করে থাকে, তবে দল তাঁর পাশে কখনওই থাকবে না। আইন আইনের পথে চলবে।’
সোমবার মা ও মেয়ের দেহ ময়নাতদন্ত হয়। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাদের দেহ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।







