ভিখারির বাড়িতে চুরি করেই হাজার হাজার টাকার মালিক হয়ে গেল চোর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগর এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ ও মীনা দেবী। জন্মান্ধ এই দুই ভাই-বোন এক সঙ্গেই থাকেন। তাঁরা খঞ্জনি বাজিয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষে করেন। যা রোজগার হয় তা দিয়ে কোনও ভাবে ভাই-বোনের চলে যায় সংসার। নিত্যদিনের মতো গত সোমবার সকালে দুই ভাই বোন ভিক্ষা করতে বের হন। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফেরেন। গেটের তালা খুলতে গিয়ে অনুভব করেন গেটের তালা খোলা। তখনই অনুমান করেন সবটা। এরপর উঠোন পেরিয়ে ঘরের দড়জা খুলতে গেলে সেখানেও একই ব্যাপার। দডরজার তালা ভাঙা। বুঝে যান তার বাড়িতে চুরি হয়েছে। প্রতিবেশীদের ডাক দেন। তারা এসে দেখেন ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। তাঁদেরই বাড়িতে চুরির ঘটনা ঘটনায় তাজ্জ্বব এলাকাবাসী।
শম্ভু পাসোয়ান নামে এক প্রতিবেশী বলেন, “এরা সকালে ভিক্ষে করতে বেরিয়ে যায়। ফিরে এসে দেখে তালা ভাঙা। বাক্স ভাঙা। সব চুরি হয়ে গেছে। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। আমরা চাই পুলিশ আসুক। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।”
নারায়ণ দেবনাথ বলেন, “আমরা দুই ভাইবোন মিলে ভিক্ষে করে করি। যা আয় করি তার থেকে কিছু কিছু করে জমিয়ে ১০ হাজার টাকা সঞ্চয় করে বাড়িতেই রাখা ছিল। সেই টাকা চুরি হয়ে গেল। পরে টিনের বাক্স খুলে দেখলাম সেখানে রাখা ছিলো এক জোড়া খঞ্জনি। সেটাও চুরি হয়ে গিয়েছে। এমন ঘটনা আমার সঙ্গে হবে স্বপ্নেও ভাবতে পারিনি। পঞ্চায়েতকে জানিয়েছি। তিনি থানায় অভিযোগ জানাতে বলেন। আমি জানিয়েছি। পুলিশ বলল আমার বাড়ি আসবে। কিন্তু পুলিশ এখনও এলোনা। আমি চাই আমার খোয়া যাওয়া জিনিসপত্র পুলিশ উদ্ধার করে দিক।” এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানিয়েছেন, “ঘটনার তদন্ত হবে করে দেখা হবে।”







