মালদহের ফারাক্কার ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। এসআইআর (Special Intensive Revision) শুনানিতে দফায় দফায় ডাকার অভিযোগ ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন বিক্ষুদ্ধ জনতা। মুহূর্তের মধ্যে আন্দোলন রূপ নেয় হিংসাত্মক পরিস্থিতিতে। চলে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত হয় বিডিও অফিসের একাধিক অংশ।
স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই বিডিও অফিস চত্বরে জমায়েত হতে শুরু করেন সাধারণ মানুষ। অভিযোগ, একাধিকবার শুনানির জন্য ডাকা হলেও সমস্যার কোনও সুরাহা হয়নি। সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ তীব্র আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। উত্তেজিত জনতার হামলায় একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন—
“শুনানি বা এসআইআর নিয়ে কারও কোনও দ্বিধা থাকলে জেলাশাসক বা বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানান।”
কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাজ্যজুড়ে এসআইআর ঘিরে একের পর এক বিক্ষোভ, কোথাও শান্তিপূর্ণ প্রতিবাদ, আবার কোথাও তা রূপ নিচ্ছে তাণ্ডবে।
চাকুলিয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে—এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশাসনের প্রস্তুতি ও মানুষের মধ্যে আস্থা আদৌ কতটা? প্রতিবাদের নামে হিংসা চললেও, প্রশাসনিক ব্যবস্থাপনার ঘাটতি নিয়েও উঠছে একাধিক অভিযোগ।
পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই উত্তেজনার আঁচ কত দূর ছড়াবে, তা নিয়েই এখন উদ্বেগ বাড়ছে প্রশাসন ও রাজনৈতিক মহলে।







