কলকাতা, ১১ ডিসেম্বর: বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সিসিইউতে (ক্রিটিকাল কেয়ার ইউনিট) স্থানান্তরিত হন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার রাতে পড়ে গিয়ে তাঁর বাম কাঁধের হাড় ভেঙে যায়। এর জন্য অস্ত্রোপচার করতে হবে বলে চিকিত্সকরা জানিয়েছেন। কিন্তু তাঁর শরীর খুবই দুর্বল, তাই এখনই অস্ত্রোপচারের ঝুঁকি নিচ্ছেন না চিকিত্সকরা।
এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক অপূর্ব চন্দ বলেন, “মদন মিত্রের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্বাসকষ্ট রয়েছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল নয়। তাই এখনই অস্ত্রোপচার করা সম্ভব নয়। আগে তাঁকে ব্রেনের এমআরআই এবং হার্টের পরীক্ষা করতে হবে। তার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।” মদন মিত্রের পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা চিকিত্সকদের পরামর্শ মেনে চলছেন।
মদন মিত্র বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেন, “বুকে খুব ব্যথা। নিউমোনিয়ার সমস্যা রয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। ১৫ দিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়েছি, লাভ হয়নি। সঠিক সময়ে হাসপাতালে না এলে কিছু হয়ে যেত। মুখ্যমন্ত্রীকে অসুস্থতার কথা বলি। তিনি অরূপকে (মন্ত্রী অরূপ বিশ্বাস) বলে হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করেন। দলই আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছে।” মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি নিয়ে রাজ্যের রাজনীতিতেও উদ্বেগ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আশু আরোগ্য কামনা করেছেন।







