ক্রিকেটের মাঠে যেমন নাটক, তেমনই মাঠের বাইরে পুরস্কার ঘিরেও রয়ে যায় নানা চমক। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর এমনই এক অজানা তথ্য ফাঁস করলেন দীনেশ কার্তিক। জানালেন, সিরিজ সেরা হিসেবে শুভমন গিলকে পুরস্কার দেওয়া হলেও ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের শেষ মুহূর্তে মন বদলে গিয়েছিল। তিনি সিরিজের নায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন মহম্মদ সিরাজকে।
সিরিজের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দলের কোচ বেছে নেন প্রতিদ্বন্দ্বী দলের সেরা ক্রিকেটারকে। গৌতম গম্ভীর বেছে নেন হ্যারি ব্রুককে, আর ম্যাকালাম প্রথমে শুভমনকে। চতুর্থ দিন শেষে সেই সিদ্ধান্ত জানিয়ে দেন মাইকেল আথারটনকে, যাঁকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রাখা হয়েছিল। সেই অনুযায়ী সব প্রশ্ন তৈরি হয়ে যায়।
কিন্তু পঞ্চম দিনের শুরুতেই পাল্টে যায় ছবিটা। ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের ৪ উইকেট। সেই সময় অসাধারণ স্পেলে সিরাজ তুলে নেন ৩ উইকেট, ইনিংসে ৫ ও ম্যাচে ৯ উইকেট নিয়ে জিতিয়ে দেন ভারতকে। তাতেই চমকে যান ম্যাকালাম। পুরস্কার বদলাতে চাইলেও, ততক্ষণে সব প্রস্তুতি হয়ে গিয়েছিল শুভমনের নামে।
শুধু পাঁচটি টেস্টই খেলেননি, সিরিজে সর্বাধিক ২৩ উইকেটও নেন সিরাজ। সর্বোচ্চ ১৮৫.৩ ওভার বল করে একা লড়াই চালিয়ে গিয়েছেন। তাই শেষ মুহূর্তে তাঁর দিকে ঝুঁকেছিলেন ম্যাকালাম। তবে পুরস্কার না পেলেও, সিরিজের সত্যিকারের ‘গেমচেঞ্জার’ হিসেবে থেকেই গেলেন মহম্মদ সিরাজ।







