ফের প্রতারণার নয়া ফাঁদের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। এবার অনলাইনে নয়। উল্টে শাসক দলের নেতার আত্মীয়র পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ। সূত্রের খবর, বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত বক্সির আত্মীয় বলে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে প্রতারকের বিরুদ্ধে। সেই ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ।ধৃতের নাম দীপঙ্কর দাস। সম্প্রতি আনন্দপুর থানায় এক ব্যক্তি অভিযোগ জানিয়েছিলেন এই বিষয়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লোক ঠকানোর কারবারের এই ভয়ঙ্কর কাণ্ড নজরে আসে কলকাতা পুলিশের।
অভিযুক্ত যুবককে গ্রেফতারির পাশাপাশি, নীল বাতি লাগানো দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে আনন্দপুর থানার পুলিশ।পুলিশ সূত্র মারফত জানা যায়, দীপঙ্কর দাস নামে ওই ব্যক্তি নিজেকে তৃণমূল নেতা সুব্রত বক্সির জামাই বলে পরিচয় দিত। সেই পরিচয় দিয়েই বিভিন্ন লোকজনের থেকে অভিযুক্ত ব্যক্তি তোলাবাজি চালাত বলে অভিযোগ। সূত্রের খবর, তৃণমূল নেতার আত্মীয় বলে পরিচয় দিয়ে শুধু একজন নয়, একাধিক ব্যক্তির থেকে মোটা অঙ্কের টাকা তুলে প্রতারণা করেছিল এই দীপঙ্কর দাস। অভিযুক্তকে গ্রেফতারির পর ইতিমধ্যেই ওই ব্যক্তিকে দফায় দফায় জেরা করেছেন পুলিশকর্মীরা। জানা যাচ্ছে, এদিন অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। এই প্রতারণা কাণ্ডের সঙ্গে আরও কারা কারা জড়িত, কতজনের থেকে টাকা তোলা হয়েছিল, অভিযুক্তকে জেরা করে সেই সব বিষয়ে আরও বিশদে তথ্য জোগাড় করতে চাইছে আনন্দপুর থানার পুলিশকর্মীরা।







