এর আগে ভারতীয় শিবিরে একের পর এক ধাক্কা এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার ভারতের এবারের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ। তার আগেই আর এক খবর। অনুশীলনের সময় চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। অনুশীলন করার সময় ডান কব্জিতে চোট পান হিটম্যান। তবে এই চোট একেবারেই গুরুতর নয়। কিছুক্ষণের মধ্যেই তিনি আবারও অনুশীলন করতে শুরু করেন।
আগামী ১০ নভেম্বর ভারত-ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। চলতি বিশ্বকাপের বি গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে এ গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড যোগ্যতা অর্জন করতে পেরেছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ আগামী ৯ নভেম্বর নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে শ্যেন ওয়াটসনের উবাচ, ‘প্রত্যেকেই ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে মুখিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে সুপার-১২ পর্বে কমেন্ট্রি করার জন্য পরে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারিনি। তবে যা প্রতিবেদন পড়েছি, সমর্থকদের কথা শুনেছি, মনে হয়েছে এই ম্যাচ স্পেশ্যাল। টিভিতেও এই ম্যাচের উন্মাদনা টের পাওয়া গিয়েছে।’







