প্রেমের ফাঁদ পেতেই শুরু হয়েছিল প্রতারণার খেলা। এক তরুণীকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে পেট্রোল পাম্প কেনার প্রতিশ্রুতি দেন এক প্রাক্তন বিএসএফ জওয়ান। কিন্তু সেই প্রতিশ্রুতিই পরিণত হয় দুঃস্বপ্নে। প্রায় ২৯ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়ে যান অভিযুক্ত। দেড় বছর ধরে গা-ঢাকা দিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি।
গ্রেফতার হওয়া ওই প্রাক্তন জওয়ানের নাম গৌতম হালদার। নদিয়ার তেহট্টের বাসিন্দা গৌতম একসময় রাজারহাটে বিএসএফ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাটের ডোভার লেনে এক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর। সেখান থেকেই শুরু হয় সম্পর্ক। ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। সুযোগ বুঝে মহিলাকে বোঝান, তাঁদের ভবিষ্যতের জন্য একটি পেট্রোল পাম্প কেনা দরকার। অগ্রিম টাকার প্রয়োজন বলে তিনি দাবি করেন প্রায় ২৯ লক্ষ টাকা। টাকা হাতে আসতেই গৌতম হালদার হাওয়া।
অভিযোগ দায়েরের পর গড়িয়াহাট থানার পুলিশ তদন্ত শুরু করে। জানা যায়, দীর্ঘদিন ধরেই মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন গৌতম। তবে পরিচিতদের কল রেকর্ড ঘেঁটে সূত্র মেলে। ধরা পড়ে অন্য নম্বর ব্যবহার করে তিনি যোগাযোগ রাখছিলেন। সেখান থেকেই খবর আসে, বেহালার বুড়োশিবতলায় এক মিষ্টির দোকানে ম্যানেজারের কাজে নিযুক্ত রয়েছেন তিনি।
ওসি অঞ্জন সেনের নির্দেশে ও আধিকারিক অভিষেক সিংয়ের নেতৃত্বে পুলিশি দল হানা দেয় দোকানে। সেখান থেকেই গ্রেফতার করা হয় গৌতমকে। পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন তিনি। এ সময় তাঁর স্ত্রী নদিয়ার তেহট্ট থানায় মিসিং ডায়েরিও করেছিলেন। বিএসএফ গোয়েন্দারাও খুঁজছিলেন তাঁকে।
তবে এখনও পর্যন্ত হাতিয়ে নেওয়া ২৯ লক্ষ টাকার কোনও হদিস মেলেনি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই টাকার সন্ধান চালানো হচ্ছে। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও দীর্ঘদিন পলাতক থাকার অভিযোগে গৌতম হালদারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।







