খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর নিন্দা! লোকসভা নির্বাচনের শেষ দফায় মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খোলা চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, ‘মোদীই দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি সেই পদ ও চেয়ারের মর্যাদাকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছেন’।
লোকসভা নির্বাচনের শেষ পর্বের পূর্বে দেশের নাগরিকদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে মনমোহন লেখেন, ‘আমি এই নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক আলোচনাগুলিকে খুব মনোযোগ দিয়ে দেখছি। মোদীজি জঘন্য ‘ঘৃণামূলক’ বক্তৃতা দিয়েছেন, যার মধ্যে বিভাজনের রাজনীতির ছাপ স্পষ্ট। মোদীজি হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি তাঁর পদমর্যাদা হ্রাস করেছেন, এবং এর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের গম্ভীরতাকে তিনি ধুলোয় মিশিয়েছেন। সমাজের কোন বিশেষ শ্রেণী বা বিরোধী দলকে টার্গেট করার জন্য পূর্ববর্তী কোন প্রধানমন্ত্রী এমন নোংরা, অসংসদীয় ও নিম্নরুচির ভাষা ব্যবহার করেননি। মোদী আমার বক্তব্যকে নিয়েও দেশবাসীর কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। আমি আমার জীবনে কখনোই এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায় থেকে আলাদা করিনি। এটা এটা বিজেপির বিশেষ অভ্যাস এবং এজেন্ডা।’
মনমোহন সিং-এর সংযোজন, ‘মোদীজি ২০২২ সালের মধ্যে আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ১০ বছরে তাঁর নীতির ফলে আমাদের কৃষকদের উপার্জন হ্রাস পেয়েছে। দেশে কৃষকদের মাসে গড় আয় খুবই কম। দিনে ২৭ টাকা আয়। এদিকে দেশে কৃষক প্রতি ঋণ গড়ে ২৭,০০০ টাকা।’
পাশাপাশি, কৃষি আইনের সমালোচনা করে মনমোহন সিং বলেন, ‘জ্বালানি ও সার সহ ইনপুটের উচ্চ বাড়ছে, ৩৫টি কৃষি সরঞ্জামের উপর জিএসটি এবং কৃষি রফতানি ও আমদানিতে উদ্ভট সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের কৃষক পরিবারগুলির সঞ্চয় নষ্ট হয়ে গিয়েছে।’







