ফের পুলিশের জালে ভুয়ো ডাক্তার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। ধৃত ওই ডাক্তারের নাম অরবিন্দ কুমার গুপ্ত। তিনি মুর্শিদাবাদের একটি বেসরকারি নার্সিংহোমে প্র্যাকটিস করতেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে
সূত্রের খবর, কলকাতার এক বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর করে মুর্শিদাবাদের ফারাক্কায় এক বেসরকারি হাসপাতালে জেনারেল মেডিসিন এবং বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখতেন। পাশাপাশি অরবিন্দ নিজেকে ইএনটি-তে এমএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন।
সম্প্রতি অরবিন্দ কুমার গুপ্ত সামশেরগঞ্জ থানার ধুলিয়ান নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করার জন্য আবেদন করেন। আর সেখানেই শুরু হয় নতুন গল্পের।
ধুলিয়ান নার্সিংহোমের মালিক ডাক্তার রফিক উল ইসলাম জানান, “গত ১ তারিখে অরবিন্দ কুমার গুপ্ত আমার হাসপাতালে আরএমও হিসেবে যোগদান করার ইচ্ছে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। তখন তাঁর কাছে আমি রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে চাই। কিন্তু উনি রেজিস্ট্রেশন নম্বরের যে কাগজটি আমাকে দিয়েছিলেন সেটি দেখে সন্দেহ হওয়াতে আমি কয়েকজন চিকিত্সককে দিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা সম্পর্কে খোঁজখবর শুরু করি।”
তিনি আরো বলেন, “এরপর আমি জানতে পারি আমার হাসপাতালে যিনি যোগদান করতে চাইছেন তিনি আসলে কলকাতার একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে প্র্যাকটিস করছিলেন। ইতিমধ্যে আমার সঙ্গে কলকাতার ওই চিকিত্সকের কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন আমার হাসপাতালে যে অরবিন্দ কুমার গুপ্ত যোগদান করতে এসেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আসলে তাঁর । এই ঘটনা জানার পর আজ আমি জাল অরবিন্দ কুমার গুপ্তকে সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছি। ”







