জেলা

দাঁতনে ভোররাতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সরঞ্জাম

পুজোর মুখে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল দাঁতন থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার শালিকোঠা এলাকায় একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। একইসঙ্গে বাজি তৈরির মসলা এবং বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শালিকোঠা এলাকার কয়েকটি বাড়িতে বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি তৈরির অভিযোগ আসছিল। সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার ভোররাতে নির্দিষ্ট কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বেশ কয়েক বস্তা নিষিদ্ধ শব্দবাজি, বাজি তৈরির মসলা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়।

এদিকে, পুলিশের অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাজি তৈরির সঙ্গে জড়িত সন্দেহভাজনরা। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুজোর আগে দাঁতনে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া বাজিগুলি কোথায় নিয়ে যাওয়া বা সরবরাহ করার পরিকল্পনা ছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.