ভিন্ন ধর্মের দুই যুবক যুবতী পাশাপাশি বসা নিয়ে দুষ্কৃতীদের হাতে হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। আক্রান্ত দুই যুবক যুবতীর নাম শচীন লামানি (১৮) এবং মুসকান প্যাটেল (২২)।
সূত্রের খবর, ওই দুই আক্রান্ত যুবক যুবতী শনিবার কর্নাটকের যুবা নিধি প্রকল্পে আবেদন করতে গিয়েছিলেন। দুপুর বেলায় টিফিন টাইমে কাজ বন্ধ থাকায় দুজন পাশে থাকা একটি লেকের ধারে বসে ছিলেন।
অভিযোগ, সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তাদের উপর চড়াও হয়। তারা কোন ধর্মের জানতে চায়। ধর্ম জানার পরই লোহার রড ও লাঠি দিয়ে তারা বেধড়ক মারতে থাকে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা সব কিছুই ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। তাদের চিৎকার শুনে কিছু লোক ছুটে এলে পরে তারাও ওই যুবক যুবতীর উপর চড়াও হয়। এমনকি তাদের শ্বাস রোধ করে খুন করারও চেষ্টা করে।
এরপর ওই দুষ্কৃতীদের নামে থানায় অভিযোগ দায়ের করে ওই যুবক যুবতী। সেই অভিযোগের ভিত্তি পুলিশ নয় জনকে গ্রেফতার করে, যার মধ্যে দুজন নাবালক। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।







