শুক্রবার বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ যুবক। দীর্ঘ তল্লাশির পরেও কোনো হদিশ মেলেনি যুবকের। অবশেষে উদ্ধার হল দেহ। ঘটনাটি ঘটেছে মালদহর ইংরেজবাজার গয়েশপুর এলাকায়।
পরিবার সূত্রে খবর, সিন্টু রায় নামে বছর ৩৬ এর এক যুবকের বাড়ি পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ১০০ টাকা নিয়ে বের হন সিন্টু। তারপর আর বাড়ি না ফেরায় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদীর চড়ে গেলে যুবকের গলাকাটা দেহ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই তিনজন অভিযুক্তদের জিজ্ঞাসা বাদের জন্যে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। তবে ঠিক কী কারনে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এই নিয়ে মৃতের ছেলে বলেন, “বাবা ১০০ টাকা নিয়ে বেরিয়েছিল। বলেছিল রাত হবে ফিরতে। গেট যেন ভিতর থেকে আটকানো না থাকে। আমাদের খেয়ে দেয়ে শুয়ে পড়তে বলল। তারপর সকালে উঠে দেখি বাবা ফেরেনি। ফেসবুক থেকে জানতে পারি এই ঘটনা।”
এদিকে এপ্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা বলেন, “খুবই বেদনাদায়ক। আমরা সমবেদনা জানাচ্ছি। দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি। আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে তা চেষ্টা করা হবে।”







