ক্রাইমজেলা

প্রেমে রাজি না হওয়ায় বিষ খাইয়ে খুনের অভিযোগ! ঠাকুরপুকুরের কলেজছাত্রীর মৃত্যুতে উত্তাল রঘুদেবপুর, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়াবহ পরিণতি। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুর এলাকায়। কলেজছাত্রীকে জোর করে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক বিশাল নস্করের বিরুদ্ধে। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত বাঙুর হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রানি নস্করের।

ঘটনার সূত্রপাত গত ২৫ নভেম্বর। অভিযোগ, ওইদিন কম্পিউটার ক্লাস করে ফেরার পথে চন্দ্রানির পথ আটকায় বিশাল। কোল্ড ড্রিঙ্কের সঙ্গে কীটনাশক মিশিয়ে জোর করে খাওয়ানো হয় বলে দাবি পরিবারের। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি।

ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজনার মাঝে দু’জনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত বিশাল নস্কর ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মৃত ছাত্রীর মা নন্দরানি নস্করের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক। একাধিকবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হুমকি ও রাস্তায় দাঁড়িয়ে বিরক্ত করার ঘটনাও ঘটেছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই ঘটনায় এলাকায় নারী সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.