সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল রাজ্য সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তির ২৫ শতাংশ ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে রাজ্য জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের আগে তা দেওয়া সম্ভব হবে না।
রাজ্যের তরফে দাখিল করা আবেদনে বলা হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত হিসাব-নিকাশ অত্যন্ত জটিল এবং তা সম্পূর্ণ করতে আরও সময় প্রয়োজন। বিশেষ করে যাঁদের নিয়োগ ২০১৬ সালের আগে, তাঁদের বেতনের নথি ডিজিটাল আকারে নেই। সেই কারণে হাতে লেখা সার্ভিস বুক খুঁজে বের করে যাচাই করতে হবে, যা অত্যন্ত সময়সাপেক্ষ।
আবেদনে রাজ্য জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের বকেয়া ডিএ পাওয়ার জন্য বর্তমানে কর্মরত মোট ৩,১৭,৯৫৪ জন কর্মচারী রয়েছেন। তাঁদের প্রত্যেকের বকেয়া হিসাব আলাদাভাবে নির্ধারণ করতে হবে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও জটিলতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রাজ্যের দাবি, অবসরপ্রাপ্ত কর্মীদের সম্পূর্ণ তথ্যভাণ্ডার তাদের কাছে নেই। এই সংক্রান্ত তথ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (C&AG)–এর দফতরে সংরক্ষিত রয়েছে। ফলে পেনশনভোগীদের ডিএ নির্ধারণের জন্য আলাদা করে সেই তথ্য সংগ্রহ করতে হবে।
ডিএ নির্ধারণের ক্ষেত্রে AICPI (সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক) অনুসারে হিসাব করতে হয়, যা কর্মরত ও অবসরপ্রাপ্ত—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। সেই কারণে পুরো প্রক্রিয়াটি আরও সময়সাপেক্ষ হয়ে উঠছে বলে আদালতে জানিয়েছে রাজ্য।
আবেদনে আরও বলা হয়েছে, বকেয়া মেটানোর বিষয়টি মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করছে—রাজ্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের সুযোগ রয়েছে কি না এবং সমস্ত তথ্য যাচাইয়ের কাজ কত দ্রুত শেষ করা যায়। এর সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন–এর কথাও উল্লেখ করে রাজ্য জানিয়েছে, এত কম সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব।
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দেয় প্রথম কিস্তিতে ২৫ শতাংশ বকেয়া ডিএ এরিয়ার সমেত মেটাতে হবে। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ ৩১ মার্চের মধ্যে দেওয়ার কথাও জানানো হয়েছিল।
তবে আদালতের সেই নির্দেশের পরও সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সংশয় প্রকাশ করেছিল, আদৌ রাজ্য সরকার ডিএ মেটাবে কি না। সেই দাবি জানিয়ে তারা একটি স্মারকলিপিও জমা দেওয়ার চেষ্টা করে। যদিও নবান্নে সরাসরি সেই স্মারকলিপি জমা দেওয়া সম্ভব হয়নি; পরে পুলিশের হাত দিয়েই তা পাঠানো হয়।
এই পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টে নতুন করে সময় চেয়ে আবেদন করল রাজ্য সরকার, যা ঘিরে আবারও ডিএ ইস্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।







