একচল্লিশ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গেলেন। এবার সেখানেও শান্তির বার্তাদানে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, গতকাল ভিয়েনা চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক চলে। নেহামারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘উনিশ শতকে এখানেই ঐতিহাসিক ভিয়েনা কংগ্রেস হয়। ইউরোপে শান্তি ফেরাতে যা দিশা নির্দেশ করেছিল। আজ আমি ও চ্যান্সেলর নেহামার ইউক্রেনের হিংসা, পশ্চিম এশিয়ার পরিস্থিতি – সব নিয়েই কথা বলেছি।’
মোদীর উবাচ, ‘৬০ বছর পর টানা তৃতীয়বারের মতো একটা সরকার আবারও কাজ করার সুযোগ পেয়েছে। কোভিড-পরবর্তী সময়ে আমরা সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা দেখেছি। বেশিরভাগ দেশে সরকারের পক্ষে টিকে থাকা সহজ ছিল না। আবার নির্বাচন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের জনগণ আমাকে, আমার দল এবং এনডিএ-কে বিশ্বাস করেছিল। এই ফলাফল প্রমাণ করে যে ভারত স্থিতিশীলতা চায়।’
প্রধানমন্ত্রীর সংযোজন, ‘প্রতি দশম ইউনিকর্ন ভারতের। অস্ট্রিয়াও ভারতের অভূতপূর্ব প্রবৃদ্ধি থেকে উপকৃত হয়েছে। ভারত আজ ৫ম বৃহত্তম অর্থনীতি। আমি আত্মবিশ্বাসী যে আগামী সময়ে, অস্ট্রিয়ান কোম্পানি এবং বিনিয়োগকারীরা ভারতে আরও বেশি প্রসারিত হবে। অস্ট্রিয়ান সমাজে ভারতীয়দের অবদান প্রশংসনীয়। এখানে স্বাস্থ্যসেবা খাতে ভারতীয়রা বিশেষভাবে প্রশংসিত, আমরা আমাদের যত্নের জন্য পরিচিত। আমার অস্ট্রিয়া সফর খুবই অর্থবহ হয়েছে।’







