পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় চাঞ্চল্য ছড়ালো জমির ফসলের ক্ষতিকে কেন্দ্র করে।স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে নামেন। নরহরিপুর, কেষ্টপুর, বনকাটি, ধাদিকা এলাকায় কয়েকদিন ধরে হাতির একাধিক পাল ফসলের ব্যাপক ক্ষতি করে। চাষীরা রবিবার সকালে ধাদিকা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এছাড়াও চাষিরা ধাদিকা বিট অফিসে গিয়েও বিক্ষোভ দেখান। তাদের দাবি, দ্রুত ফসলের ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য রাস্তা দিয়ে হাতিকে নিয়ে যেতে হবে। এই পরিস্থিতির সামাল দিতে সেখানে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তর আশ্বাস দেওয়ার ফলে চাষিরা অবরোধ তুলে নেয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, “বাঁকুড়া থেকে আসা কুড়িটি হাতির একটি পাল ব্যাপক ক্ষতি করে দিয়ে মেদিনীপুরের দিকে গিয়েছে। আবার মেদিনীপুর থেকে কুড়িটি হাতির একটি পাল এসে ব্যাপক ক্ষতি করছে। এর ফলে জমির আলু সব নষ্ট হয়ে গিয়েছে। কোন রকমে ঋণ নিয়ে, ধার করে আলু চাষ করেছি। বনদপ্তর থেকে যা ক্ষতিপূরণ মেলে তাতে আলুর বীজের দাম উঠবে না।” তাদের দাবি, “আরও একটি অন্য রুট রয়েছে হাতির যাতায়াতের জন্য। সেই রুট দিয়ে হাতিকে নিয়ে যাচ্ছে না। আমরা চাই দুটি রুট দিয়ে নিয়ে গেলে ক্ষতির পরিমাণ অনেকটা কম হবে।” গড়বেতা রেঞ্জের আধিকারিক জানিয়েছেন, ” স্থানীয়রা বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। সরকারি নিয়মানুসারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং বিকল্প রুটটিও দেখা হচ্ছে হাতির পালকে নিয়ে যাওয়ার জন্য। “







