আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে নচিকেতা চক্রবর্তী ফেসবুকে একটি কবিতা প্রকাশ করলেও, অনেকেই চান গায়ক পথে নামুন। এ নিয়ে নচিকেতা’র উপর উঠেছে কটাক্ষের ঝড়। কিছু নেটিজেন তাকে ‘চটিচাটা’ বলেও সমালোচনা করেছেন। তবে নচিকেতা এবার স্পষ্ট জবাব দিলেন।
সারেগামাপা-র একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গায়ক জানান, “এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কিছু লোক দল তৈরি করে হাঁটছে, আমার সেরকম কোনও দল নেই।” তিনি আরও বলেন, “রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয়, আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটতে পারি। যারা এসব কাজ করছে, তারা আসলে অসুস্থ।”
অতীতে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় পথে নামা নচিকেতা এখন বয়সের যুক্তি দিচ্ছেন। তিনি বলেন, “এত বছরে রাস্তায় নেমে আমার শরীরে ধুলো জমেছে। এখন বয়স হয়েছে।” গায়ক জানিয়েছেন, তিনি যদি আবার পথে নামেন, তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, যা তিনি এড়িয়ে চলতে চান।
তবে নচিকেতার মতে, “প্রথম প্রতিবাদ আমিই করেছিলাম। এখন দেখছি কারুর পক্ষ না নিয়ে প্রতিবাদ করলে ট্রোলিং শুরু হবে।”







