চার দিন ধরে তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি বসেছিলেন আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিরা। সীমান্তে চলা যুদ্ধবিরতির মধ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দেখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি—বরং আরও গভীর হলো সন্দেহ আর অবিশ্বাসের সম্পর্ক।
সেপ্টেম্বর থেকে অক্টোবর—মাত্র দুই মাসে সীমান্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। তবুও শান্তি ফেরার কোনও ইঙ্গিত নেই। আফগান সূত্রের দাবি, তালিবান প্রশাসন পাকিস্তানের বিরুদ্ধে হামলা রুখতে প্রস্তুত ছিল, কিন্তু শর্ত দিয়েছিল—ইসলামাবাদ যেন আফগান আকাশসীমা লঙ্ঘন না করে এবং মার্কিন ড্রোন হামলা বন্ধে পদক্ষেপ নেয়। পাকিস্তান এই শর্ত মানতে অস্বীকার করায় আলোচনায় ভাঙন ধরে।
আর সেই সময়ই সামনে আসে বিস্ফোরক তথ্য—মার্কিন ড্রোন আফগানিস্তানে উড়ছে পাকিস্তানের মাটিতেই। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, আলোচনার টেবিলে প্রথমবার ইসলামাবাদ স্বীকার করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি চুক্তি আছে ড্রোন হামলার বিষয়ে। পরে পাকিস্তান দাবি করে, “ওই চুক্তি ভাঙার ক্ষমতা আমাদের নেই।”
সূত্রের মতে, আলোচনার শুরুতে পাকিস্তান কিছু প্রস্তাবে রাজি ছিল, কিন্তু একটি ফোনকলের পরই আচমকা অবস্থান বদলায় প্রতিনিধি দল। তুরস্ক ও কাতারের মধ্যস্থতাকারীরাও নাকি পাকিস্তানের এই আচরণে বিস্মিত হন।
তবে ইসলামাবাদ উল্টে অভিযোগ তোলে—দিল্লির প্রভাবে সমঝোতা ভেঙেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফ বলেন, “কাবুলকে পুতুলের মতো নাচাচ্ছে নয়াদিল্লি।” যদিও তিনি মার্কিন ড্রোন ইস্যুতে অবস্থান বদলের কারণ স্পষ্ট করেননি। বরং তিনি হুঁশিয়ারি দেন, “তালিবান যদি না সামলায়, তাহলে ২০০১ সালের টোরা বোরার মতো পরিণতি আসবে।” তাঁর দাবি, পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের সামান্য অংশ ব্যবহার করলেই আফগান প্রশাসন ধ্বংস হয়ে যাবে।
এই ঘটনার পর আবারও সামনে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্কের সামরিক নির্ভরতা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসলামাবাদ ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা জোট আরও মজবুত করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘন ঘন মার্কিন সফর, সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক—সবই সেই প্রেক্ষাপটেই ঘুরছে।
এদিকে, পাক-আফগান সীমান্ত ‘ডুরান্ড লাইন’-এ এখনও টান টান উত্তেজনা। তালিবান এই সীমান্তকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। সেপ্টেম্বরের শুরুতে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হামলার জেরে দু’দেশের মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছায়। পাকিস্তানের বিমান হামলায় নিহত হয় ২০০-রও বেশি মানুষ, যাদের মধ্যে শিশু ও মহিলাও ছিলেন।
এই প্রেক্ষিতে পাকিস্তানের স্বীকারোক্তি—মার্কিন ড্রোন পাকিস্তান থেকেই উড়ে আফগানিস্তানে হামলা চালাচ্ছে—তা একাধিক কূটনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাই হয়তো দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অবিশ্বাসের নতুন অধ্যায় রচনা করবে।







