কারখানায় সারি করে রাখা গুড়ের টিন। বাজারে বিক্রি জন্য রাখা হয়েছে গুড়ের টিন গুলি। কিন্তু তার আগেই ফাঁস হলো কারখানার মালিকের কারচুপি। গুড়ের নামে যা বিক্রি হতে যাচ্ছিল তা দেখেই চক্ষু চড়ক গাছ খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। কারখানায় টিনগুলি উদ্ধার করার পাশাপাশি গ্রেফতারও করা হয় একজনকে।
পুলিশ ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগে ভেজাল গুড় কারখানায় অভিযান চালানো হয়েছিল বৃহস্পতিবার। উদ্ধার হয় কয়েকশ টিন ভেজাল গুড়। মিলল, চিনির সিরাপ ও রাসায়নিক পদার্থও। গ্রেফতার করা হল ওই কারখানার মালিককে।
ওই দিন চাকদহ থানার পুলিশ ও খাদ্য নিরাপত্তা আধিকারিকরা যৌথ উদ্যোগে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত শিমুরালির সুতারগাছিতে একটি গুড় কারখানায় অভিযান চালায়। গুড়ের মধ্যে নানা ধরনের রাসায়নিক দ্রব্য আছে বলে অভিযোগ। এই সূত্রেই পেয়েই অভিযান চালানো হয়েছিল।
বর্জ্য বা ফেলে দেওয়া মিষ্টির রস উদ্ধার হয় ২৪ টিন। পাওয়া গেছে, ২৭৯ টিন ভেজাল গুড় এবং ২৫০ গ্রাম রাসায়নিক। খাদ্য সুরক্ষা অফিসাররা ওই রাসায়নিককে স্যাফোলাইট হিসেবে চিহ্নিত করা হয়।
রাজেশ কুমার সা নামে এক ব্যক্তিকে আটক করে চাকদহ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে খাদ্যে ভেজাল ও প্রতারণা সংক্রান্ত ধারায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, আখের রসের বদলে মিষ্টির দোকানের ফেলে দেওয়া রস ব্যবহার করে বানানো হচ্ছিল গুড়। পাশাপাশি মেশোনো হচ্ছিল রাসায়নিকও।







