বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মতো পোষ্য কুকুরদের শরীরেও নানা সমস্যা দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে সাধারণ হল গাঁটের ব্যথা বা আর্থারাইটিস। অনেক সময় দেখা যায়, আগে যে কুকুরটি সারাক্ষণ দৌড়ে বেড়াত, সে হঠাৎই ধীর হয়ে যাচ্ছে। সিঁড়ি উঠতে চাইছে না, হাঁটতে গিয়ে খুঁড়িয়ে চলছে কিংবা ডাকলেও আগের মতো সাড়া দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, এগুলোকে সাধারণ বার্ধক্য ভেবে এড়িয়ে গেলে ভুল হবে।
বিশেষ করে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভারের মতো বড় প্রজাতির কুকুরদের বয়সের সঙ্গে জয়েন্টের সমস্যা বেশি দেখা যায়। শরীরের কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার ফলে হাঁটাচলায় ব্যথা হয়। অনেক সময় সেই যন্ত্রণার কারণে কুকুর খিটখিটে হয়ে পড়ে বা আদরও সহ্য করতে পারে না।
তবে সামান্য কিছু যত্নেই অনেকটা আরাম দেওয়া সম্ভব পোষ্যকে। চিকিৎসকদের মতে, প্রথমেই নজর দিতে হবে ওজনের দিকে। অতিরিক্ত ওজন জয়েন্টের উপর চাপ বাড়ায়। তাই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মেনে ডায়েট নিয়ন্ত্রণ করা জরুরি।
একইসঙ্গে পুরোপুরি বিশ্রামে রাখাও ঠিক নয়। হালকা হাঁটাচলা বা সুইমিং জয়েন্ট সচল রাখতে সাহায্য করে। তবে দৌড়ঝাঁপ বা বেশি লাফালাফি এড়ানোই ভালো। দিনে অন্তত দু’বার অল্প সময়ের জন্য হাঁটানো যেতে পারে।
পোষ্যের শোয়ার জায়গাও হওয়া উচিত আরামদায়ক। ঠান্ডা মেঝেতে না শুইয়ে নরম বেড ব্যবহার করলে ব্যথা কিছুটা কমে। শীতের সময়ে গরম কাপড়ও উপকারী হতে পারে। এছাড়া খাবার ও জলের পাত্র উঁচু জায়গায় রাখলে ঘাড় ও সামনের পায়ে চাপ কম পড়ে।
বাড়ির মেঝে পিচ্ছিল হলে পড়ে গিয়ে সমস্যা আরও বাড়তে পারে। তাই অ্যান্টি-স্কিড ম্যাট বা কার্পেট ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিঁড়ি ওঠানামাও যতটা সম্ভব কমাতে হবে।
জয়েন্টের সমস্যায় অনেক সময় ওমেগা-৩ ফিশ অয়েল বা গ্লুকোসামিন সাপ্লিমেন্টও কাজে দেয়। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তা শুরু করা উচিত। ভুল করে মানুষের পেইনকিলার কুকুরকে খাওয়ানো মারাত্মক বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করছেন চিকিৎসকরা।
এছাড়া হালকা গরম তেল দিয়ে ম্যাসাজ বা গরম সেঁক দিলে অনেক সময় আরাম পায় পোষ্য। তবে যদি জয়েন্ট ফুলে যায় বা লাল হয়ে থাকে, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াই উচিত।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাবার এবং একটু বাড়তি যত্ন— এই কয়েকটি বিষয়েই বয়সের ভারেও স্বাভাবিক জীবন কাটাতে পারে আপনার প্রিয় চারপেয়ে সঙ্গী।







